আলমডাঙ্গায় কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ব্যাপক পরিসরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে হাজারো প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক সরাসরি উপকৃত হচ্ছেন বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। তিনি বলেন, কৃষি খাতকে এগিয়ে নিতে এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকার নিয়মিতভাবে প্রণোদনা দিয়ে যাচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে কৃষকরা মানসম্মত বীজ ও প্রয়োজনীয় উপকরণ পাচ্ছেন, যা ফসল উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কৃষকদের পাশে থেকে তাদের উৎপাদনশীলতা বাড়ানোই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা উপজেলা শাখার আমীর শফিউল আলম বকুল এবং আলমডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আল নূর তামিম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানের বীজ ৭ হাজার ৫শত জন কৃষকের মাঝে বিতরণ করা হবে। এছাড়া পাটের বীজ ৬শত জন, গ্রীষ্মকালীন মুগের বীজ ২শত জন কৃষকের মাঝে প্রদান করা হবে। একই সঙ্গে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন ৪ জন কৃষককে দেওয়া হচ্ছে।
স্থানীয় কৃষকরা জানান, সময়মতো বীজ ও সার পাওয়ায় তারা খরিপ মৌসুমে চাষাবাদে আরও উৎসাহিত হচ্ছেন। এতে তাদের উৎপাদন খরচ কমবে এবং ফলন ভালো হওয়ার আশা করছেন তারা।
কৃষি বিভাগের কর্মকর্তারা মনে করছেন, সরকারের এই ধরনের সহায়তা অব্যাহত থাকলে দেশের খাদ্য উৎপাদন আরও বাড়বে এবং কৃষি খাত হবে আরও শক্তিশালী ও টেকসই।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।