স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর শহরের সিঅ্যাণ্ডবি পাড়া এলাকায় নিজ কর্মস্থল থেকে কিসমত আলী (৫৪) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেন। নিহত কিসমত আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যাণ্ডবিপাড়ার মৃত জামাত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই বাজারে পাহারাদারের দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কিসমত আলী প্রায় দুই বছর ধরে সিঅ্যাণ্ডবি পাড়া বাজারে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, দায়িত্ব পালনকালে রাতের কোনো এক সময় হঠাৎ অসুস্থ হয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানায়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, রাতে কোনো এক সময় তার মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সিঅ্যাণ্ডবি পাড়ায় নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার



