দামুড়হুদায় ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন১৫০ ভ্যানে নেমপ্লেট সংযুক্ত, শ্রমিকদের মাঝে গামছা বিতরণ

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলা-র সদর ইউনিয়নে ভ্যান শ্রমিকদের কল্যাণে সংগঠিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ভ্যান শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন এবং ভ্যানচালকদের মাঝে নেমপ্লেট ও গামছা বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টায় ইউনিয়ন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনসার আলী।
জানা গেছে, ভ্যানচালকদের সুশৃঙ্খলভাবে সংগঠিত করা, তাদের নিবন্ধনভুক্ত করা এবং বিভিন্ন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে হযরত আলী, চেয়ারম্যান, সদর ইউনিয়ন পরিষদ, ১৫০টি ভ্যানে নেমপ্লেট সংযুক্ত করে দেন। পাশাপাশি তার ব্যক্তিগত উদ্যোগে ১০০ জন ভ্যানচালকের মাঝে একটি করে গামছা বিতরণ করা হয়।
ভ্যানচালক ছমির উদ্দীন বলেন, ভ্যানে নেমপ্লেট থাকলে অনেক উপকার হয়। কোনো ভ্যান চুরি হলে সহজেই শনাক্ত করা যায় এটি কোন ইউনিয়নের।
চেয়ারম্যান হযরত আলী বলেন, যেসব নেমপ্লেট দেওয়া হয়েছে, সেগুলোর তথ্য ইউনিয়ন পরিষদের রেজিস্টারে সংরক্ষিত থাকবে। ভ্যান হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এছাড়া তীব্র গরমের কথা বিবেচনায় ১০০ জন ভ্যানচালককে গামছা উপহার দেওয়া হয়েছে। স্থানীয়রা এ উদ্যোগকে ভ্যান শ্রমিকদের জন্য সময়োপযোগী ও সহায়ক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।