দামুড়হুদায় বিদেশে নেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে প্রতারণা ওয়ারেন্টভুক্ত আসামি মিলন শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলা-এ বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় এক ওয়ারেন্টভুক্ত আসামি মিলনকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে দৌলতদিয়া দক্ষিণপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর চাঁদপুর (পশ্চিমপাড়া) গ্রামের হারুন অর রশিদ (৪৩) অভিযোগ করেন, তাকে কিরগিজস্তান দেশে পাঠানোর কথা বলে একই এলাকার আনছার আলী ও তার ছেলে মিলন হোসেন তার কাছ থেকে প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা গ্রহণ করেন। পরে তাকে ভ্রমণ ভিসায় বিদেশে নিয়ে গিয়ে কাজের ব্যবস্থা না করে অবৈধভাবে সেখানে ফেলে রাখা হয়।
ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন প্রবাসে মানবেতর জীবনযাপন শেষে পরিবারের পাঠানো আরও ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে দেশে ফিরতে সক্ষম হন তিনি। এতে তার পরিবার প্রায় ৮ লাখ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। দেশে ফিরে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টালবাহানা শুরু করে এবং একপর্যায়ে হুমকি-ধামকি দেয় বলে মামলায় উল্লেখ রয়েছে।
এ ঘটনায় আদালতে মামলা দায়ের হলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্রধান অভিযুক্ত দীর্ঘদিন পলাতক ছিলেন।
পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ-এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ফরিদপুরসহ বিভিন্ন জেলায় একাধিক প্রতারণা মামলার ওয়ারেন্ট রয়েছে। ২০২২, ২০২৩ ও ২০২৫ সালে দায়ের হওয়া মামলায় তিনি তিনটি ওয়ারেন্টভুক্ত আসামি।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি অতীতে ফায়ার সার্ভিসে চাকরি করলেও পরে তা ছেড়ে দেন। এলাকাবাসীর অভিযোগ, তিনি আত্মীয়-স্বজনসহ একাধিক ব্যক্তিকে বিদেশে পাঠানোর নামে প্রতারণা করেছেন। এমনকি সামাজিকভাবে মীমাংসার আশ্বাস দিয়ে আদালত থেকে জামিন নেওয়ার পরও প্রতিশ্রুতি রক্ষা করেননি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামি দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, প্রতারণা চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।