আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় কালবৈশাখী ঝড়ে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের আহতদের মধ্যে উদয়পুর গ্রামের আকমান আলীর স্ত্রী নতিফন নেছা পেয়েছেন ২৫ হাজার টাকা। এছাড়া মোশারফ হোসেনের ছেলে ইখতিয়ার উদ্দিন, গোলাপ আলী লস্করের ছেলে মিলন লস্কর, তৈশর আলী লস্করের ছেলে আব্দুল মাবুদ এবং হায়দার আলী—প্রত্যেকে পেয়েছেন ১৫ হাজার টাকা করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার জানান, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহায়তা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১৮ মার্চ আকস্মিক কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকেই ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।
আলমডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন



