আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে আর বাড়ি ফেরা হলো না ভেদামারি গ্রামের বাসিন্দা বখতিয়ার (৫৫)। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলা মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত আলমডাঙ্গা ফাতেম ক্লিনিকে নিয়ে আসলে সেখানেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ফুয়েল কার্ড নেওয়ার জন্য উপজেলার মাঠে মানুষের ভিড় ছিল। সেই ভিড়ের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার। উপস্থিত লোকজন দ্রুত তাকে সহায়তার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভেদামারি গ্রামে চলছে কান্নার রোল, স্বজনদের আহাজারিতে পরিবেশ হয়ে উঠেছে ভারী।
স্থানীয়রা জানান, গত সোমবার থেকে ফুয়েল কার্ড বিতরন শুরু হয়। গতকাল মঙ্গলবার ফুয়েল কার্ড বিতরণের শেষ দিন ছিলো। সেই হিসাবে সকাল সকাল ফুয়েল কার্ড নিতে এসেছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ফুয়েল কার্ড পাওয়ার আগেই, নিভে গেল তার জীবনের প্রদীপ।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার জানান, মৃত ব্যক্তি পূর্ব থেকেই অসুস্থ ছিলেন। উপজেলা মাঠে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ক্লিনিকে নেওয়া হয়। সেখানে স্ট্রোক করে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা যায়।
আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে স্ট্রোকে একজনের মৃত্যু



