জীবননগরে বাইতুল মামুর চক্ষু জেনারেল হাসপাতালে ভুয়া ডাক্তার দিয়ে চোখের চিকিৎসা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

জীবননগর অফিস
জীবননগর উপজেলার হাসাদা বাজারে অবস্থিত “বাইতুল মামুর চক্ষু জেনারেল হাসপাতাল” নামের একটি বেসরকারি ক্লিনিকে ভুয়া চিকিৎসকের মাধ্যমে চোখের চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। “তাফহিমুল হুছাইন” নামের এক ব্যক্তি নিজেকে চক্ষু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাফহিমুল হুছাইনের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে। এর আগেও তিনি মেহেরপুরের গাংনী এলাকায় অবস্থান করে বিভিন্ন চক্ষু ক্যাম্পে নিজেকে বিশেষজ্ঞ দাবি করে ছানিপড়া অপারেশনসহ নানা চিকিৎসার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করেছেন। পরে অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এদিকে, ক্লিনিকে চোখ পরীক্ষা করা টেকনিশিয়ানের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে। তিনি নিজেই স্বীকার করেছেন যে, প্রকৃত কোনো প্রশিক্ষণ ছাড়াই আন্দলবাড়িয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের দাউদ হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৪৫ হাজার টাকার বিনিময়ে ভুয়া সার্টিফিকেট সংগ্রহ করেছেন।
ক্লিনিকটির মালিক মাওলানা মো. ইসরাইল হোসেন বলেন, “ক্লিনিকটি নতুনভাবে চালু হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকের কাগজপত্র এখনো যাচাই করা হয়নি। আমরা যতদূর জানি, তিনি একজন এমবিবিএস ডাক্তার।”
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রী শ্যামল কুমার পাল জানান, ভুয়া ডাক্তারের বিষয়টা আমাদের দেখার এখতিয়ার নেই। এইটা প্রশাসন দেখে, প্রশাসন যখন আমাদের কে বলবে তখন আমরা দেখব।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।