স্টাফ রিপোর্টার
তেল ওজনে কম দেওয়া, অবৈধভাবে সার বিক্রি করাসহ নানা অভিযোগে চুয়াডাঙ্গায় ৩ দোকানীকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর ও দৌলতদিয়ার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সোমবার সদর উপজেলার ভালাইপুর মোড় ও দৌলৎদিয়াড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে জ্বালানি তেল, ঔষধ, সার ও বীজের দোকান তদারকি করা হয়।
এ সময় মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রি ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় অনুসারে ভালাইপুরের মো: আব্দুল কুদ্দুস এর প্রতিষ্ঠান মেসার্স কুদ্দুস বীজ ভান্ডার ও কীটনাশককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সার বিক্রি, ভাউচার সংরক্ষণ না করায় মো: তুষার আলীর প্রতিষ্ঠান মেসার্স নিউ তুষার ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং দৌলতদিয়ারে এলাকায় (৫ লিটার তেলে ৩ মিলি তেল কম দেওয়ায়) পরিমাপক যন্ত্রে কারচুপি করায় মো: মশিউর রহমান এর প্রতিষ্ঠান মেসার্স রহমান অটো মোবাইলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৩ দোকানীকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার চুয়াডাঙ্গা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটিলিয়নের একটা টীম।
তেল ওজনে কম দেওয়া ও অবৈধভাবে সার বিক্রি করায় দৌলতদিয়াড়-ভালাইপুরের ৩ দোকানীকে লাখ টাকা জরিমানা



