স্টাফ রিপোর্টার
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দূরপাল্লার পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পরিবহন কাউন্টারে সচেতনতামূলক পরিদর্শন করা হয়েছে। একই সঙ্গে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা সরবরাহ এবং তা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা বড়বাজার ও বাস টার্মিনাল এলাকায় অবস্থিত বিভিন্ন পরিবহন কাউন্টারে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস এ কার্যক্রমের নেতৃত্ব দেন।
চুয়াডাঙ্গা বিআরটিএ অফিস সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিআরটিএ কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতি, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ এবং জেলা বাস-মিনিবাস, মাইক্রোবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের কাছে সরকার নির্ধারিত ভাড়ার তালিকাসহ চিঠি পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করতে বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস জেলার বিভিন্ন পরিবহন কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা সরবরাহ করেন এবং তা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. নাহিদ হাসান, উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর সাকিরুল ইসলাম, ড্রাফটসম্যান (মেকানিক্যাল) সালাহউদ্দিন এবং নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন।
ঈদে দূরপাল্লার পরিবহনে নির্ধারিত ভাড়ার তালিকা হস্তান্তর



