আলমডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

আলমডাঙ্গা প্রতিনিধি
আলমডাঙ্গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলমডাঙ্গা পৌর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় আলমডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর কার্যালয় আনন্দধামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. কাইয়ুম উদ্দীন হিরক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর আমীর মো. মাহের আলী, সেক্রেটারি মো. মুসলিম উদ্দিন এবং নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী। আলমডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাহিন শাহিদের সভাপতিত্বে এবং পৌর শাখার সেক্রেটারি মো. শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিথিরা।
প্রধান অতিথি কাইয়ুম উদ্দীন হিরক বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও আদর্শের পথে কাজ করতে হবে। তিনি শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যক্রমকে আরও জোরদার করার আহ্বান জানান।
প্রধান বক্তা আলতাফ হোসেন বলেন, একজন মুসলিম হিসেবে কুরআনের শিক্ষা অর্জন ও তা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব।
অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।