কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি মতিয়ার

ঝিনাইদহ অফিস
জনস্বাস্থ্যের মানোন্নয়ন ও হাসপাতালের পরিবেশ সুরক্ষায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কোটচাঁদপুর উপজেলা শাখা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান নিজ হাতে ঝাড়ু নিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি হাসপাতালের অভ্যন্তরীণ ওয়ার্ড, বারান্দা ও বহিঃপ্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরাসরি তদারকি করেন। পরে একই দিনে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে অনুরূপ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও অংশ নেন। অভিযান শেষে আয়োজিত সভায় এমপি মতিয়ার রহমান বলেন, হাসপাতাল হলো মানুষের শেষ আশ্রয়ের জায়গা। এখানে মানুষ সুস্থ হতে আসে, অসুস্থ হতে নয়। হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবার মান নিয়ে কোনো আপস করা হবে না।
তিনি আরও বলেন, আমরা শুধু হাসপাতালের ময়লা নয়, কোটচাঁদপুর-মহেশপুর থেকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকেও পরিষ্কার করব। বর্তমান সরকার ও আমরা একই সুরে চলছি। জনগণের সেবায় আমরা ট্যাক্স-ফ্রি গাড়ি চড়ব না বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা রক্ষা করা হবে। এলাকায় চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে এবং এসব অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম, সেক্রেটারি শাহাবুদ্দিন খান, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম, সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু,উপজেলা মিডিয়া শাখার প্রধান প্রভাষক শরিফুল ইসলাম, এনসিপি নেতা হৃদয় আহমেদ, কুশনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুর রহমান টিটো, বলুহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম, দোড়া ইউনিয়নের সাবেক মাওলানা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং সাবেক শিবির নেতা রানা চৌধুরী ও আহসান হাবিব শামীম। পরিচ্ছন্নতা অভিযান শেষে সংসদ সদস্য কোটচাঁদপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় যোগ দেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।