জীবননগর অফিস
জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নে বিএনপির উদ্যোগে একটি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির নেতা কলম উদ্দিনের বাসভবনে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে নারী নেত্রী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়। সমাবেশে উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য দেন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামান মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক হজরত আলী সর্দার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান আলী, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এখলাছুর রহমান রাসেল, বাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাশেম এবং উপজেলা বিএনপির নেতা আরিফ হোসেন। এছাড়াও বাঁকা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হচ্ছেন। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তারা সবার প্রতি আহ্বান জানান।
সমাবেশে চুয়াডাঙ্গা-২ আসনে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান খান বাবুকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণানুযায়ী প্রতিটি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির কথাও বক্তারা তুলে ধরেন।
বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশ অনুষ্ঠিত



