স্টাফ রিপোর্টার, অপূর্ব
চায়না কমলা চাষ করে সফলতার স্বাক্ষর রেখেছেন মেহেরপুর সদরের পিরোজপুর গ্রামের তরুণ কৃষক হাফিজুর রহমান। ২০১৯ সালে শখের বশে মাত্র ১৫ কাঠা জমিতে বিভিন্ন উন্নত জাতের কমলা রোপণ করেন তিনি। তার কমলা বাগানে চায়না কমলার চারা রয়েছে ২ হাজার ৬শ টির অধিক। বিদেশী ফল হলেও আমাদের দেশে কমলা লেবুর কদর কম নয়। মেহেরপুরের মাটিতে স্মার্ট কৃষি উদ্যোক্তা হাফিজুর রহমানের লেবু চাষের সংবাদ এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে।
এরপর থেকে বিভিন্ন এলাকার কৃষিপ্রেমী মানুষ তার বাগানে ঘুরতে আসেন। এতে হাফিজুর রহমান উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে তিনি ২০২০ সালে দশ বিঘা জমিতে চায়না কমলা ও বারি-১ মাল্টা বাগান গোড়ে তোলেন। কৃষক হাফিজুরের বাগানে চায়না কমলা, চায়না-৩ কমলা, দার্জিলিং কমলা, ছাতকী কমলা, বারোমাসি কমলা, সুইট লেমন, বারি-১ মাল্টা, বারোমাসি ভিয়েতনামী মাল্টা, মিশরীয় আতা, বারোমাসি মিষ্টি আমড়া, বল সুন্দরী কুল, সীডলেস পাত লেবু, মিষ্টি তেঁতুল, থাই-৩, থাই-৭ ও এইট গোল্ড পেয়ারা গাল রয়েছেন। এছাড়াও পরীক্ষামূলক বেদানা ও ড্রাগন ফলের আবাদ করেছেন তিনি।
২০২৫ সালে কমলা বিক্রি করে প্রায় ১৯ লাখ টাকা আয় করেছিলেন। আর ২০২৬ সালে সেই বিক্রির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ লাখ টাকায়। বর্তমানে তাঁর চায়না কমলার বাগানে ৭ বিঘা জমিতে ফল ধরেছে এবং ২ বিঘা জমিতে রয়েছে মাল্টা। সব মিলিয়ে ৯ বিঘা ফলধারণকারী বাগানের পাশাপাশি নতুন করে ৩০ বিঘা জমিতে কমলার আবাদ করেছেন। বর্তমানে তাঁর মোট কমলার বাগানের পরিমাণ প্রায় ৪০ বিঘা এবং সব মিলিয়ে চাষাবাদ করছেন ৬০ বিঘা জমিতে।
কমলা ও মাল্টার পাশাপাশি নতুন নতুন জাতের ফল চাষেও যুক্ত হয়েছে তাঁর উদ্যোগ। হাই গোল্ডেন-৮ পেয়ারা, আনারকলিসহ বিভিন্ন জাতের ফল নিয়ে কাজ করছেন তিনি। নিজস্ব বাগান থেকে উন্নতমানের চারা উৎপাদন করে সারা বাংলাদেশে সরবরাহ করছেন।
কৃষিকে শুধু চাষাবাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে, ‘স্মার্ট কৃষি উদ্যোক্তা হাফিজুর রহমান’ নামে দেশব্যাপী একটি কৃষি ব্র্যান্ড গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি। ২০২৫ সালে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাঁর বাগানে একটি মিনি কোল্ড স্টোরেজও প্রদান করা হয়েছে।
তরুণদের উদ্দেশ্যে কৃষি উদ্যোক্তা হাফিজুর রহমান বলেন,বাংলাদেশ কৃষি গবেষণাগার থেকে যে গত বছরে আমরা সনদ পেয়েছিলাম, স্মার্ট কৃষি উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে আমাকে স্বীকৃতি দেওয়া হয়েছে প্লাস সনদ দেওয়া হয়েছে। তো সেই সুবাদে লক্ষে আমি স্মার্ট কিছু দেখানোর চেষ্টা করেছি।আমার সাথে কৃষি গবেষণা দীর্ঘদিন ধরে কাজ করছে মতিউর রহমান স্যার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তো তাদের সুবাদেই আমাদের আজকের এই সুফল।আমি আরেকটা জিনিস বলতে চাই, যে আপনারা অবশ্যই বসে না থেকে কৃষিতে আসেন, কৃষি একজন খুব শীঘ্রই সম্মানের পেশা হয়ে যাবে। আমি যেমন আপনাদের সামনে এসেছি আজকে, আগামীতে আপনিও আমাদের জন্য আপনার এলাকায়, মেহেরপুর থেকে সারা বাংলাদেশ যত কমলা-মাল্টা চাষী আছে, সকলকে বলব যে আমরা বসে না থাকি, যারা বেকার তাদেরকে উদ্যোক্তা বানাই। তো এই ছিল আমার কথা।



