মুন্না রহমান, স্টাফ রিপোর্টার
একসময় সমাজে ‘কুষ্ঠ’ শব্দটি উচ্চারিত হলেই মানুষের মনে ভেসে উঠত আতঙ্ক, অসহায়ত্ব আর একঘরে হয়ে যাওয়ার নির্মম বাস্তবতা। শতাব্দীর পর শতাব্দী ধরে অজ্ঞতা ও কুসংস্কার এই রোগকে ঘিরে এমন এক সামাজিক কলঙ্ক তৈরি করেছিল, যা শারীরিক যন্ত্রণার চেয়েও অনেক ক্ষেত্রে বেশি কষ্টদায়ক ছিল। কিন্তু আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সেই অন্ধকার চিত্র বদলে দিয়েছে। আজ কুষ্ঠ আর কোনো অভিশাপ বা অনিরাময়যোগ্য ব্যাধি নয়—সময়মতো শনাক্ত করা গেলে এবং নিয়মিত ওষুধ সেবন করলে এটি শতভাগ নিরাময়যোগ্য।
বাংলাদেশের কিছু কিছু অঞ্চল কুষ্ঠ রোগে রেড জোনের আওতায় এসেছে। সারা দেশের মধ্যে খুলনা বিভাগ কুষ্ঠ রোগে তৃতীয় অবস্থানে রয়েছে। তবে চুয়াডাঙ্গা জেলা এখনো পর্যন্ত রেড জোনের আওতায় আসেনি। পরিসংখ্যানে দেখা গেছে , চুয়াডাঙ্গাতে এই পর্যন্ত কুষ্ঠ রোগে আক্রান্ত রোগী রেজিস্ট্রেশন হয়েছে ২৬৬ জন। বর্তমানে মেডিসিন চলমান আছে ৪৮ জন। সম্পূর্ণ সুস্থ হয়েছে ২২২ জন। ২০২৬ সালে এই পর্যন্ত ৪৮ জন নতুন কুষ্ঠ রোগী সনাক্ত হয়েছে। কুষ্ঠ রোগের নিরাময় ও জনসচেতনতায় কাজ করছে ইম্প্যাক্ট ফাউন্ডেশন।
কুষ্ঠ রোগে পা হারানো চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটসলুয়া গ্রামের আয়নাল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, প্রায় ১৬ বছর আগে তার কিঞ্চিত কুষ্ঠ রোগ ধরা পড়ে। প্রথম পর্যায়ে অবহেলা অবজ্ঞা করলেও পরবর্তীতে পরিবারের কথায় কবিরাজের কাছে চিকিৎসা নেন। দীর্ঘদিন কবিরাজ এর কাছে চিকিৎসা নিয়েও কোন সুফল না পেয়ে পরবর্তীতে ইম্প্যাক্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ করেন। কুষ্ঠ রোগে ক্ষতের পরিমান বড় আকার ধারন করায় একটি পা হারাতে হয়েছে তার। আয়নাল হক বলেন, ইম্প্যাক্ট হসপিটাল এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে আমি বেশ কয়েকবার চিকিৎসা নিয়েছি। কয়েকবার নীলফামারী নিরাময় কেন্দ্র থেকেও চিকিৎসা নিয়েছি। বর্তমানে আমার একটি পা নেই। কিন্তু ইম্প্যাক্ট থেকে কয়েকবার আমার আর্টিফিশিয়াল পা সরবরাহ করেছে। বর্তমানে এখনো আমি এম ডি টি ওষুধ চালিয়ে যাচ্ছি। এখন আমি পুরোপুরি সুস্থ।

চিকিৎসকদের মতে, কুষ্ঠ রোগ মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি নামক এক ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়। এটি মূলত মানুষের ত্বক এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। তবে জনমনে প্রচলিত অনেক ধারণার বিপরীতে কুষ্ঠ অত্যন্ত ছোঁয়াচে রোগ নয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, আক্রান্ত ব্যক্তির দীর্ঘদিনের ঘনিষ্ঠ সংস্পর্শে না এলে বা চিকিৎসা শুরু হওয়ার পর জীবাণুর সংক্রমণ ক্ষমতা দ্রুত কমে গেলে এটি অন্যদের মধ্যে ছড়ানোর ঝুঁকি থাকে না। স্পর্শ, একসঙ্গে খাবার খাওয়া বা একই ঘরে বসবাসের কারণে সাধারণত এই রোগ ছড়ায় না।
কুষ্ঠ রোগের জটিলতা এড়াতে প্রাথমিক লক্ষণগুলো দ্রুত চেনা জরুরি। সাধারণত ত্বকে এমন কিছু ছোপ বা দাগ দেখা দেয়, যার রঙ আশপাশের স্বাভাবিক ত্বকের চেয়ে হালকা, ফ্যাকাশে বা তামাটে হতে পারে। এই দাগগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সেখানে অনুভূতি কমে যায় বা অবশ ভাব তৈরি হয়। ঠান্ডা, গরম, ব্যথা বা স্পর্শের অনুভূতি অনেক সময় টের পাওয়া যায় না। এ ছাড়া হাত-পায়ে ঝিনঝিন করা, অসাড়তা, পেশির দুর্বলতা কিংবা ত্বকের নিচে স্নায়ু মোটা হয়ে যাওয়ার মতো উপসর্গও দেখা দিতে পারে। চিকিৎসকদের পরামর্শ, শরীরের কোনো স্থানে অনুভূতিহীন দাগ বা অস্বাভাবিক পরিবর্তন দেখলে দেরি না করে দ্রুত নিকটস্থ সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত।
কুষ্ঠ রোগের চিকিৎসায় বিশ্বজুড়ে স্বীকৃত ও অত্যন্ত কার্যকর পদ্ধতি হলো মাল্টি-ড্রাগ থেরাপি বা সংক্ষেপে এমডিটি। একাধিক ওষুধের সমন্বয়ে গঠিত এই চিকিৎসা পদ্ধতি রোগের ধরন অনুযায়ী নির্ধারিত মেয়াদে—সাধারণত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত—নিয়মিত অনুসরণ করতে হয়। কুষ্ঠ রোগের ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পাওয়া যায়। মাঝপথে ওষুধ বন্ধ না করে নির্ধারিত পুরো কোর্স সম্পন্ন করলে রোগী পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন এবং অঙ্গহানির ঝুঁকিও অনেক কমে যায়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, কুষ্ঠ একটি মৃদু ছোঁয়াচে রোগ। হাঁচি কাশির মাধ্যমে এটি সংক্রমিত হতে পারে। প্রথম পর্যায়ে চিকিৎসা না নিলে বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। তবে এতে মৃত্যুর হার খুবই কম। চুয়াডাঙ্গা জেলায় এর সংক্রমণ মাঝারি পর্যায় আছে। পার্শ্ববর্তী জেলা মেহেরপুরে এর সংক্রমণ অধিক। এই রোগ থেকে বাঁচতে শরীরে কোথাও লালচে দাগ গুটি বা মোটা চামড়া অনুভূতিহীন হলেই শুরুতেই চিকিৎসা নিতে হবে। স্বাস্থ্যকেন্দ্র থেকে কুষ্ঠ রোগের ঔষধ এমডিটি বিনামূল্যে সরবরাহ করা হয়। এ রোগ নির্মূলে সব থেকে বেশি যেটা প্রয়োজন তাহলে জনসচেতনতা। অনেকেই মনে করেন এই রোগ অভিশপ্ত, আসলে কথাটি সঠিক নয়। এটি একটি সাধারন রোগের মতোই চিকিৎসা নিলে অবশ্যই এই কুষ্ঠ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।



