জীবননগর অফিস
জীবননগরে শ্যালো ইঞ্জিনচালিত মাটিভর্তি অবৈধ লটাহাম্বারের ধাক্কায় তাসফিয়া ফারিহা (৯) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সম্রাট নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে জীবননগর থানাধীন মাধবখালী ছোটাংগা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসফিয়া ফারিহা একই ইউনিয়নের ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের মেয়ে। সে স্থানীয় প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। আহত সম্রাট একই গ্রামের আব্দুল গফুরের ছেলে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক লাটাহাম্বারটি আটক করে ব্যাপক ভাঙচুর করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সম্রাটের বাইসাইকেলে চড়ে স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল তাসফিয়া। পথে কালা মসজিদ এলাকায় পৌঁছালে জীবননগর থানার দিক থেকে আসা মাটিভর্তি দ্রুতগতির একটি অবৈধ লটাহাম্বার তাদের বহনকারী সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাসফিয়ার মৃত্যু হয়। এ সময় সাইকেলচালক সম্রাটের একটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। দুর্ঘটনার পরপরই লটাহাম্বারের চালক ও গাড়িতে থাকা অন্যরা পালিয়ে যায়।
এদিকে ফারিয়ার আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে শোকের মাতম চলছে। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লটাহাম্বারের ধাক্কায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত লটাহাম্বারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালককে আইনের আওতায় আনতে পুলিশের একটি দল কাজ করছে।



