চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে বুকে ব্যথা শিক্ষার্থীর, হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু

স্টাফ রিপোর্টার :

চুয়াডাঙ্গায় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে বিপ্লব হোসেন সাগর (২০) নামের এক শিক্ষার্থী। পরে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। মৃত বিপ্লব হোসেন সাগর (২২) জীবননগর উপজেলার সুভলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের (২০২৫ শিক্ষাবর্ষের) শিক্ষার্থী ছিলেন।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. রকিবুল ইসলাম শাহীন জানান, মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব পারভেজ ফোন করে শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর জানান। খবর পাওয়ার পর তিনি দ্রুত ঘটনাস্থলে যান। বিষয়টি কলেজের অধ্যক্ষ ও বিভাগের প্রধান শফিকুল ইসলামকে জানানো হয়। খবর পাওয়ার সাথে সাথে তিনি সেখানে পৌঁছান।

চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট আগে সাগর হলে প্রবেশ করেন। উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র বিতরণের আগেই তিনি বুকে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত কলেজের একটি ভ্যানের মাধ্যমে একজনকে সঙ্গে দিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়। এ সময় সাগরের দেওয়া অভিভাবকের ফোন নম্বরে যোগাযোগ করা হয়। পরে হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর জানানো হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন বলেন, হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।