স্টাফ রিপোর্টার
কুষ্ঠ রোগের সঠিক ব্যবস্থাপনা এবং রোগজনিত জটিলতার আধুনিক চিকিৎসা বিষয়ে চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গায় ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন কার্যালয় ও ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ আয়োজনে এবং দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন হাদী জিয়াউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস। ওরিয়েন্টেশনে মূল বিষয়বস্তু ও তথ্যচিত্র (প্রেজেন্টেশন) উপস্থাপন করেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের মেডিকেল অফিসার ডা. জাকুলিন রোজ হাজরা। এ সময় তিনি কুষ্ঠ রোগের প্রাথমিক লক্ষণ, সঠিক ব্যবস্থাপনা, রোগজনিত জটিলতা দ্রুত শনাক্তকরণ এবং তা নিরসনে চিকিৎসকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা জানান, কুষ্ঠ রোগ প্রাথমিক পর্যায়ে দ্রুত শনাক্তকরণ, রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং রোগজনিত স্থায়ী প্রতিবন্ধিতা প্রতিরোধে চিকিৎসকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারহানা ওয়াহিদ তানি, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. লায়লা শামীমা শারমিন, ডা. আহাম্মেদ রায়হান কবির এবং সিভিল সার্জন অফিসের সিএসএমও ডা. শামীমা ইয়াসমিন প্রমুখ।



