জীবননগর অফিস
চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে নভেম্বর মাসের এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন সমস্যা, চাহিদা এবং কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পূর্ববর্তী সভায় উত্থাপিত সমস্যাগুলোর অগ্রগতি ও সমাধানের বিষয় পর্যালোচনা করা হয়। এ সময় পুলিশ সদস্যদের চাহিদার ভিত্তিতে বিভিন্ন থানা, ক্যাম্প ও ফাঁড়িতে ক্রোকারিজ এবং প্রয়োজনীয় দাপ্তরিক সামগ্রী প্রদান করা হয়।
চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তার, মামলার রহস্য উদ্ঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, পেশাদারিত্ব ও বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের ২৭ জন সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার। এ ছাড়া অবসরজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের কনস্টেবল লিয়াকত আলীকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ যোগ্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা, মনোবল ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্পসহ জেলা পুলিশের সব ইউনিটে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। পাশাপাশি নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে। সব ক্ষেত্রে পক্ষপাতিত্ব পরিহার করে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই পুলিশ লাইন্স, বিভিন্ন পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।



