তাৎক্ষণিক অভিনয়ে আলমডাঙ্গা উপজেলা সেরা স্বপ্নিল

খন্দকার শাহ আলম মন্টু:
মঞ্চে তাৎক্ষণিক অভিনয়, উপস্থিত বুদ্ধি, কল্পনাশক্তি ও আত্মবিশ্বাসের অনন্য সমন্বয় ঘটিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত ‘তাৎক্ষণিক অভিনয়’ প্রতিযোগিতায় ‘গ’ গ্রুপে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে সায়মুম আরাফাত স্বপ্নিল। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বপ্নিল নিজের মেধা, সৃজনশীলতা ও অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখে। সায়মুম আরাফাত স্বপ্নিল আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. বশিরুল আলম এবং ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মোসা. মাহাবুবা আক্তার সুমির একমাত্র ছেলে।

তাৎক্ষণিক অভিনয় এমন একটি শিল্পমাধ্যম, যেখানে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উপলব্ধি করে কল্পনাশক্তি, অনুভূতি, সংলাপ ও অভিব্যক্তির মাধ্যমে নিজেকে উপস্থাপন করতে হয়। এ ক্ষেত্রে উপস্থিত বুদ্ধি ও আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে স্বপ্নিল তার প্রতিভার স্বতন্ত্র পরিচয় তুলে ধরেছে। পরিবারের প্রত্যাশা, এ সাফল্য স্বপ্নিলের আগামী দিনের পথচলায় নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় তার আগ্রহ ও প্রতিভা আরও বিকশিত হোক। একজন সৃজনশীল, মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখুক—এটাই বাবা-মায়ের স্বপ্ন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।