চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের দুই দিনের প্রশিক্ষণের সমাপনী দিনে  স্বেচ্ছাসেবীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব

স্টাফ রিপোর্টার

মানবিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চুয়াডাঙ্গা ইউনিট। এ লক্ষ্যে ইউনিটের কর্মকর্তা, সদস্য ও স্বেচ্ছাসেবীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে সংগঠনের শাখা পর্যায়ের কার্যক্রম পরিচালনা, স্বেচ্ছাসেবী ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত করার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। গত রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের নিজস্ব ভবনের এ কর্মশালার উদ্বোধন করা হয়। দুই দিনব্যাপী ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বিওসিএ ২.০) ট্রেনিং’ শীর্ষক কর্মশালাটি গতকাল সোমবার শেষ হয়।

চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন ইউনিটের সহসভাপতি রফিকুল ইসলাম বিশ্বাস। প্রশিক্ষক ও ফ্যাসিলিটেটর হিসেবে ঢাকা থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের উপসহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এ ছাড়া কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিইএ) কর্মকর্তা মোশাররফ হোসেন খান প্রশিক্ষণে অংশ নেন।

দুই দিনের প্রশিক্ষণে রেড ক্রিসেন্টের শাখা পর্যায়ের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবীদের কার্যকর ব্যবস্থাপনা, পরিকল্পিতভাবে কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। স্থানীয় পর্যায়ে মানবিক সহায়তা কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনার বিভিন্ন কৌশলও তুলে ধরা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা দলীয় আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও বাস্তব উদাহরণের মাধ্যমে বিভিন্ন বিষয়ে ধারণা লাভ করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম মনি, সেলিমুল হাবিব সেলিম, অ্যাডভোকেট এস এম শাহজাহান মুকুল, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, মফিজুর রহমান মনা, রউফ উর নাহার রিনা, আল-মাসুম বাবু ও আনিসুর রহমান আনিস। এছাড়া চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও এম এ বারী স্কুলের রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত দুজন শিক্ষক, ইউনিট লেভেল অফিসার শেখ মাহমুদুন নবী, যুবপ্রধান মো. হাবিবুর রহমান, ডেপুটি যুবপ্রধান পারভিনা খাতুন এবং যুব সদস্য সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।