শীতের আগমনে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত নওগাঁর জবই বিল

তোফায়েল আহমেদ, নওগাঁ প্রতিনিধি

শীতের আগমনী বার্তায় দেশি-বিদেশি নানা প্রজাতির পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল। বিলের বিস্তীর্ণ জলরাশিতে ঝাঁকে ঝাঁকে পাখির বিচরণ, জলকেলি আর ডানা ঝাপটানোর দৃশ্য প্রকৃতিপ্রেমীদের মনে বাড়তি আনন্দের খোরাক জোগাচ্ছে। গত বছরের তুলনায় চলতি মৌসুমে বিলে পাখির আগমন ও বিচরণ বেশি লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় পরিবেশকর্মীরা। বিশেষ করে বিভিন্ন প্রজাতির হাঁস, পাতি সরালি ও অন্যান্য জলচর পাখির উপস্থিতিতে বিলজুড়ে তৈরি হয়েছে মনোরম প্রাকৃতিক পরিবেশ। শীত মৌসুমে পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিতি পাওয়া জবই বিল এখন পাখিপ্রেমী ও আলোকচিত্রীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।

স্থানীয়ভাবে পরিচিত জবই বিল নওগাঁর সাপাহার উপজেলার একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাভূমি। শীত মৌসুমে বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখিরা খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে এ বিলে ছুটে আসে। জলজ উদ্ভিদ, মাছ, জলজ প্রাণী এবং বিস্তীর্ণ জলাভূমি পাখিদের বিচরণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। ফলে প্রতিবছর শীতের সময় এখানে নানা প্রজাতির পাখির সমাগম ঘটে।

জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার ২০২৫ সালের জরিপ অনুযায়ী, গত বছর বিলে ২৬ প্রজাতির পরিযায়ী পাখিসহ মোট ৪৪ প্রজাতির পাখির উপস্থিতি শনাক্ত করা হয়েছিল। তবে চলতি বছর এখন পর্যন্ত গত বছরের তুলনায় আরও বেশি সংখ্যক বিভিন্ন প্রজাতির পাখির আগমন ও বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। শীত যত বাড়বে, পাখির সংখ্যাও তত বাড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণকর্মী এবং শিক্ষক সোহানুর রহমান সবুজ বলেন, “এ বছর গত বছরের তুলনায় বেশি সংখ্যক বিভিন্ন প্রজাতির পাখির আগমন ঘটেছে। বিশেষ করে বিভিন্ন প্রজাতির হাঁস ও পাতি সরালিসহ নানা জলচর পাখির উপস্থিতি বেড়েছে। জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থা এবং উপজেলা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় পাখি সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করছি।” তিনি আরও বলেন, পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। পাখি শিকার, অবৈধভাবে ধরা এবং তাদের বিচরণে বিঘ্ন সৃষ্টি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। বিশেষ করে শীত মৌসুমে পরিযায়ী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যদিকে, পাখির উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে জবই বিলকে ঘিরে পর্যটন ও প্রকৃতিভিত্তিক ভ্রমণের সম্ভাবনাও তৈরি হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে পাখিপ্রেমী, প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীরা এখানে আসতে পারেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তবে পাখি দেখতে আসা দর্শনার্থীদের জন্য রয়েছে কিছু দায়িত্বও। উচ্চ শব্দ করা, পাখিদের বিরক্ত করা, আবাসস্থল নষ্ট করা কিংবা কোনোভাবেই পাখি শিকার করা যাবে না। দূর থেকে পাখির সৌন্দর্য উপভোগ ও ছবি তোলার মাধ্যমে প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে। জবই বিলের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় প্রশাসন, পরিবেশকর্মী, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।