সাইদুর রহমান, দামুড়হুদা
দামুড়হুদা উপজেলার শিবনগর ডিসি ইকো পার্কে দর্শনার্থীদের বিনোদন ও পর্যটন আকর্ষণ বাড়াতে নবনির্মিত তিনটি স্থাপনার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থাপনাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন হওয়া স্থাপনাগুলো হলো বটতলী বিল সংলগ্ন ‘ভাসমান মাছরাঙা ঘর’, ‘ফুলের বাগান কুহেলিকা’ এবং ‘চড়ুইভাতি মঞ্চ অগ্নিবীণা’। এসব স্থাপনা ইকো পার্কে আগত দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম,কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক। এছাড়া স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এসব স্থাপনা শিবনগর ডিসি ইকো পার্কের নান্দনিকতা ও পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে। একই সঙ্গে প্রকৃতির সান্নিধ্যে পরিবার-পরিজন নিয়ে অবকাশ যাপন ও বিনোদনের জন্য এটি দর্শনার্থীদের কাছে আরও জনপ্রিয় গন্তব্যে পরিণত হবে।



