সাংবাদিক হুসাইন মালিকের গাড়ি ভাঙচুরের ঘটনায় প্রেসক্লাবে জরুরি সভা, সাংবাদিক নেতৃবৃন্দ ও পুলিশের ঘটনাস্থল পরিদর্শন

স্টাফ রিপোর্টার
সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক ও তাঁর পরিবারের সদস্যদের বহনকারী প্রাইভেটকার ভাঙচুরের ঘটনায় জরুরি সভা করেছে চুয়াডাঙ্গা প্রেসক্লাব। একই সঙ্গে ঘটনার তদন্তে মাঠে নেমেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্ত কার্যক্রম শেষে দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। গতকাল শনিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনের সভাপতিত্বে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক শাহ আলম সনির পরিচালনায় সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিক নেতারা হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলতদিয়াড় এলাকায় বঙ্গজ লিমিটেডের কাছাকাছি ঘটনাস্থলে যান তাঁরা। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিক নেতারা ঘটনাস্থলের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন।
ঘটনাস্থল পরিদর্শনকারীদের মধ্যে ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, প্রেসক্লাবের সাবেক সভাপতি রাজীব হাসান কচি, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিয়ার রহমান ও সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা।

জরুরি সভা ও ঘটনাস্থল পরিদর্শন শেষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন বলেন, সাংবাদিক হুসাইন মালিক ও তাঁর পরিবারের সদস্যদের বহনকারী গাড়ি ভাঙচুরের ঘটনায় প্রেসক্লাব জরুরি সভা করা হয়েছে। পরে সাংবাদিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ ও ডিবির দুটি দল অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছেন। পুলিশ দ্রুত তদন্ত প্রতিবেদন দেবে বলে জানিয়েছে। আমরা পুলিশকে তদন্তের জন্য কিছুটা সময় দিতে চাই। আপাতত প্রেসক্লাবের পক্ষ থেকে কোনো কর্মসূচি নেওয়া হচ্ছে না। প্রয়োজনে পরবর্তী সময়ে কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিয়ার রহমান ও চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, ঘটনার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।
প্রসংগত , সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হুসাইন মালিক পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রাইভেটকারে বাড়ি ফিরছিলেন। চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলতদিয়াড় এলাকায় বঙ্গজ লিমিটেডের সামনে পৌঁছালে তাঁর ব্যবহৃত গাড়িটি ভাঙচুরের শিকার হয়। এ ঘটনায় পরে চুয়াডাঙ্গা সদর থানায় সাধারণ ডায়েরি করেন হুসাইন মালিক

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।