চুয়াডাঙ্গায় গাঁজা-ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ১৩ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার দিনব্যাপী চুয়াডাঙ্গা সদর ও জীবননগর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দর্শনা পারকৃষ্ণপুর পাড়ার মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ রাজন আলী (২৫), জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের সুটিয়া ময়দানপাড়ার গনি মণ্ডলের ছেলে মোঃ শিপন মণ্ডল (৩৫) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার জিনতলা মল্লিকপাড়ার আব্দুল মালেকের ছেলে মোঃ অনিক (৩১)। অভিযানে রাজন আলীর কাছ থেকে ৫ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবা, শিপন মণ্ডলের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা এবং অনিকের কাছ থেকে ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত রাজন আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং শিপন মণ্ডলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অপরদিকে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনিককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।