তারিকুর রহমান, জীবননগর অফিস
দর্শনা রেলস্টেশনের অদূরে দাঁড়ানো একটি খালি তেলবাহী ট্যাংকার ট্রেনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে ট্রেনের লোকোমাস্টার (চালক) ও সহকারী লোকোমাস্টার আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে দর্শনা রেলস্টেশনের কাছাকাছি দুধপাথিলা মুরগি ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি খালি বিটিও (ইঞঙ) ট্যাংকার ট্রেন ক্রসিংয়ের জন্য দর্শনা রেলস্টেশন (জংশনের) অদূরে দুধপাথিলা মুরগি ফার্ম সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে ছিল। এই সুযোগে একদল সশস্ত্র দুষ্কৃতিকারী ট্রেনের ইঞ্জিনের কেবিনের গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা চালক নজরুল ইসলাম ও সহকারী চালক কবির হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরবর্তীতে দুষ্কৃতিকারীরা তাদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা এবং কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হামলার পর আহত অবস্থাতেই চালকরা ট্রেনটি চালিয়ে পার্শ্ববর্তী উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নিয়ে যান। সেখানে স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উথলী স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত জানান, ঘটনার পর থেকে খালি ট্যাংকার ট্রেনটি উথলী স্টেশনে রাখা হয়েছে।



