আব্দুস সেলিম/ নিশান মিয়া, হিজলগাড়ী
পরিবারের প্রিয়জনদের হারিয়ে দীর্ঘ ২৫ বছর ধরে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবনযাপন করছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড় আড়ীয়া গ্রামের সিদ্দিক আলী ওরফে ‘সিদ্দিক পাগল’। শেষ পর্যন্ত তাঁর এই কষ্টের দিনগুলোতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র।
গতকাল মঙ্গলবার দুপুরের দিকে বড় আড়ীয়া সিদ্দিকের ঝুপড়ি ঘরে গিয়ে ইউএনও তিথি মিত্র এ সহায়তার হাত বাড়িয়ে দেন। সহায়তার মধ্যে রয়েছে চাল, ডালসহ এক বস্তা খাবার প্যাকেট ও নগদ টাকা।
সরোজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় আড়াই যুগ আগে স্ত্রী ও সন্তান তাঁকে ছেড়ে চলে যান। আপনজনদের হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন সিদ্দিক। এরপর থেকেই তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন এবং সমাজের মূলস্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে বা মাঠের মধ্যেই ঝুপড়ি ঘরে বসবাস করে আসছেন। সমাজের আর দশটা মানুষের মতো স্বাভাবিক জীবনযাত্রা থেকে দূরে থেকে চরম মানবেতর দিন কাটাচ্ছেন। ওই মাঠের ভেতরে কোনো রকম বিদ্যুৎ, নিরাপদ পানীয় জল বা বাসযোগ্য ঘর ছাড়াই কষ্টকর জীবনযাপন করছিলেন সিদ্দিক পাগল। তীব্র শীত, গরম কিংবা বর্ষার দিনে তার এই মানবেতর জীবনযাত্রা স্থানীয়দের মনে গভীর কষ্টের সৃষ্টি করেছিল।
বিষয়টি নজরে আসার পর চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত খোঁজখবর নেন এবং তার দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা ও খাদ্যসামগ্রী প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র জানান, “খবর পাওয়ার পরপরই আমরা তার খোঁজ নিয়েছি এবং তার জীবনযাত্রার মান উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া তার স্থায়ী পুনর্বাসন বা চিকিৎসার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।” প্রশাসনের এমন মানবিক উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় বিএনপি নেতা আমিনুল ইসলাম মিন্টু বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। ইউএনও তিথি মিত্রের এমন উদ্যোগ প্রশাসনের মানবিক দায়িত্ববোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।



