ককটেল-আগুন দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা থামানো যাবে না: রিজভী

আজকের চুয়াডাঙ্গা ডেস্ক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কোনো অন্যায় শক্তি জনগণের শক্তির সামনে টিকে থাকতে পারে না। কয়েকটি ককটেল বিস্ফোরণ কিংবা দুয়েকটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা থামানো যাবে না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাবি শাখা ছাত্রদল আয়োজিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, তারা আবারও ক্ষমতায় ফেরার জন্য দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও বাসে আগুন কিংবা পুলিশের বক্সে আগুন লাগানো হচ্ছে। কিন্তু জনগণের শক্তির সামনে এসব অপচেষ্টা টিকবে না।

তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, ভিন্নমত প্রকাশ করতে পারবে। কেউ গুম বা ক্রসফায়ারের শিকার হবে না এবং সরকারের সমালোচনা করলে মিথ্যা মামলার মুখোমুখি হতে হবে না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা এবং জাতীয় ঐক্য এই তিনটি প্রত্যয়ই ৭ নভেম্বরের চেতনার মূল ভিত্তি। এই চেতনা ধারণ করে অন্যায়, স্বৈরশাসন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রাবি শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ৭ নভেম্বরের চেতনা তিনটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত; জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অধিকার। এই চেতনা ধারণ করে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে অর্থনীতি, শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানে এগিয়ে যেতে হবে। পাশাপাশি দুর্নীতি ও বৈষম্য দূর করে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ৭ নভেম্বর শুধু ইতিহাস স্মরণের দিন নয়, বরং জাতীয় ঐক্য, দেশপ্রেম ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার নতুন অঙ্গীকারের দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।

রাবি শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, মহান বিজয় দিবসের মতোই ৭ নভেম্বর ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন সিপাহি-জনতার ঐক্য ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করা হয় এবং দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা ঘটে।

তিনি আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমরা গর্বিত, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম আমাদের অনুপ্রেরণা।

এসময় আলোচনা সভায় রাবি ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা, জনসংযোগ প্রশাসক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, রাজশাহী মহানগর বিএনপি, মহানগর ছাত্রদল, রাবি শাখা ছাত্রদল নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।