ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ভালো ফলাফলের লক্ষ্যে শিক্ষার্থী-অভিভাবকদের সঙ্গে মতবিনিময়

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাজিবুল হক রাজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি, ভালো ফলাফল অর্জনের কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সানোয়ার হোসেন লাড্ডু বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার এবং শিক্ষকদের নির্দেশনা অনুসরণ করা অত্যন্ত জরুরি। শুধু শিক্ষার্থীদের নয়, অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনার প্রতি বিশেষ নজর দিতে হবে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত করতে পারে।শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি নিয়মিত পড়াশোনার মাধ্যমে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য তরিকুল ইসলাম, সাবেক শিক্ষার্থী তানভীর পল্লব, শিক্ষক প্রতিনিধি মাওলানা একরামুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এসএসসি পরীক্ষার্থীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।