দামুড়হুদা অফিস:
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদে প্রায় ১৫ বছর ধরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। সীমানা জটিলতা ও একের পর এক রিট আবেদনের কারণে দীর্ঘদিন ধরে আটকে আছে নির্বাচন প্রক্রিয়া। এরই মধ্যে গত ২৬ অক্টোবর কয়েকজন ইউপি সদস্যের যোগসাজশে আবারও নির্বাচন স্থগিতের উদ্দেশ্যে রিট করা হয়েছে—এমন অভিযোগ ছড়িয়ে পড়লে ইউনিয়ন জুড়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নির্বাচনের দাবিতে স্থানীয় সাধারণ জনগণ হাউলী ইউনিয়ন পরিষদে ভিড় জমায়। সাধারণ মানুষের সাথে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম ও জনপ্রতিনিধিত্ব নিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে। প্রায় ৪০ হাজার মানুষের এই ইউনিয়নে দুই-একজনের কারণে বারবার নির্বাচন বাধাগ্রস্ত হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাঁদের দাবি, দ্রুত সব আইনি জটিলতা নিরসন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
দামুড়হুদা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০১১ সালের ২১ জুন হাউলী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জামায়াত নেতা মাওলানা আজিজুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়। ২০১৪ সালের ৮ আগস্ট অনুষ্ঠিত উপনির্বাচনে বিএনপি নেতা মোহাম্মদ আলী শাহ মিন্টু চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ সালে মেয়াদ শেষে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করে ১৬ এপ্রিল ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু ইউনিয়ন বিভক্তির বিষয় নিয়ে আকবর আলী নামে এক ব্যক্তি হাইকোর্টে রিট করলে নির্বাচন প্রক্রিয়া জটিলতায় পড়ে। পরবর্তীতে কাদিপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে মজিবর রহমান একই বিষয়ে আরেকটি রিট করেন। প্রার্থীদের মনোনয়নসহ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হলেও ভোটগ্রহণের মাত্র তিন দিন আগে নির্বাচন স্থগিত করা হয়। সেই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়েছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান হাজী সহিদুল ইসলাম, আবু সাঈদ খোকন ও জামায়াতে ইসলামীর নেতা জাহাঙ্গীর আলম টিক্কা।
মামলার বাদি মজিবর রহমান বলেন, আমি এত কিছু বুঝি না মিন্টু শাহ বলেছিল এখানে সই করতে আমি সই করে দিয়েছিলাম। পরে শুনছি আমি মামলার বাদি। আমি কোনদিন কোটে যায়নি। মামলা তুলতে যা যা দরকার আমি করবো। আমাকে সাথে করে নিয়ে গেলে আমি মামলা তুলে নিবো।
হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী বলেন, ৫ আগস্টের আগে বিভিন্ন সময়ে হাউলী ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধের জন্য নানা ধরনের রিট করা হয়েছিল। পরবর্তীতে আবারও গত ২৬ অক্টোবর কতিপয় ইউপি সদস্য মিলে নির্বাচন বন্ধের জন্য রিট করেছেন বলে জানতে পেরেছি। হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, বিগত সরকারের আমলে নির্বাচন বন্ধের বিষয়টি আমরা জানতাম। ৫ আগস্টের পর যেন নতুন করে কোনো জটিলতা বা সময়ক্ষেপণ না হয়, সে বিষয়ে আমি ইউপি সদস্যদের সতর্ক করেছিলাম। কিছুদিন আগেও সব সদস্যকে ডেকে বলেছি, দীর্ঘদিন নির্বাচন বন্ধ থাকায় নতুন করে আর সময় বাড়ানোর কোনো প্রয়োজন নেই।



