স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার ইম্প্যাক্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জের ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ (আইএফবি)-এর ইম্প্যাক্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এর কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বহির্বিভাগ (ঙচউ), অপারেশন থিয়েটার, রোগীদের ওয়ার্ড এবং চলমান বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন এবং হাসপাতালের সেবার মান ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত ও স্বল্পমূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের কার্যক্রমে ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে প্রতিবন্ধিতা প্রতিরোধ এবং চক্ষু ও ইএনটি (নাক-কান-গলা) চিকিৎসায় প্রতিষ্ঠানটির অবদানের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন। এ সময় ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. রেদওয়ান হক এবং চুয়াডাঙ্গা প্রোগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন। হাসপাতালের চলমান প্রকল্পসমূহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইউএনও-কে অবহিত করেন ইমপ্যাক্ট ফাউন্ডেশনের কর্মকর্তারা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।



