মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা পৃথক মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, কোটচাঁদপুর পৌরসভার রুদ্রপুর গ্রামের আশিকুল ইসলাম (২৫), নয়ন আলী (২৭), ইন্তাজুল (৪৫) ও দুধসরা গ্রামের মো. শাহ পরান গাজী (৩২)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে আশিকুল ইসলাম কোটচাঁদপুর পৌর শ্রমিক লীগের সদস্য, নয়ন আলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ইন্তাজুল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং শাহ পরান গাজী পৌর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। গ্রেপ্তারকৃতদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে পূর্বের কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।



