কোটচাঁদপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনকালে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায় সংক্ষিপ্ত বিচার আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। শনিবার কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড এলাকার মনির খানের ছেলে মো. মেহেদী হাসান মুন্না (৩০) এবং মহেশপুর উপজেলার আলামপুর ব্রিজঘাট এলাকার সাইফুল ইসলামের ছেলে সুজন (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর তাঁদের ডোপ টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। পরে তাঁদের সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হয়। আদালত ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৬ ও ২১ অনুযায়ী মাদক সেবনের অপরাধে দুজনকে দোষী সাব্যস্ত করেন।

আদালত মেহেদী হাসান মুন্নাকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড এবং সুজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।