স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা ইম্প্যাক্ট প্রোগ্রামের উদ্যোগে কুষ্ঠ রোগ সংক্রান্ত সেরা প্রতিবেদন প্রকাশকারী পত্রিকাকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদানের সিন্ধান্ত নিয়েছে। গত ৩ নভেম্বর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইম্প্যাক্ট চুয়াডাঙ্গা।কুষ্ঠ রোগ সংক্রান্ত সেরা প্রতিবেদন প্রকাশকারী পত্রিকাকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদানের ঘোষণা
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে কুষ্ঠমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের অন্যান্য জেলার মতো চুয়াডাঙ্গা জেলাতেও কুষ্ঠ রোগ শনাক্তকরণ, চিকিৎসা, প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালিত হচ্ছে। চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোতে কুষ্ঠ রোগের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ফলে আক্রান্ত ব্যক্তিরা স্থানীয় পর্যায়েই চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। কুষ্ঠ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে বাংলাদেশ সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সহযোগী হিসেবে কাজ করছে।
কার্যক্রমের অংশ হিসেবে ইম্প্যাক্ট চুয়াডাঙ্গা প্রোগ্রামের উদ্যোগে কুষ্ঠ রোগ, কুষ্ঠ রোগের প্রতিরোধ, চিকিৎসা, সচেতনতা, রোগীদের সামাজিক অবস্থান ও পুনর্বাসন-সংক্রান্ত বিভিন্ন সংবাদ ও প্রতিবেদন সংগ্রহ করা হচ্ছে। এ লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার সকল স্থানীয় পত্রিকার সম্পাদক ও কর্মরত সাংবাদিকদের নিজ নিজ পত্রিকায় প্রকাশিত কুষ্ঠ রোগ-সংক্রান্ত সংবাদ ও প্রতিবেদন আগামী ৩ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। জমাকৃত প্রতিবেদনসমূহ যথাযথভাবে যাচাই-বাছাই ও মূল্যায়ন করা হবে। মূল্যায়নের ভিত্তিতে সেরা প্রতিবেদন প্রকাশকারী পত্রিকাকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে।
কুষ্ঠ রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, রোগীদের প্রতি সামাজিক বৈষম্য ও কুসংস্কার দূর করা এবং আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ উদ্যোগ সফল করতে চুয়াডাঙ্গা জেলার সকল সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়েছে।



