কোটচাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

কোটচাঁদপুর প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ সংরক্ষণ, উৎপাদন ও বিক্রির অভিযোগে দুটি ভেটেরিনারি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার উপজেলার হাসপাতাল রোড ও সাফদারপুর বাজারে যৌথভাবে এ বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয় এবং কোটচাঁদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ অভিযানে অংশ নেয়। অভিযান সূত্রে জানা যায়, উপজেলা হাসপাতাল রোডে অবস্থিত আরিয়ান ভেটেরিনারি ফার্মেসিতে তদারকির সময় মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ওষুধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, সাফদারপুর বাজারের রইচ ভেটেরিনারি ফার্মেসিতে ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রিসহ অন্যান্য অপরাধের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের। এ সময় সহযোগিতা করেন কোটচাঁদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. হাসান ফেরদৌস কমল। আইনশৃঙ্খলা রক্ষায় ঝিনাইদহ জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থ রক্ষা এবং বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিক্রি প্রতিরোধে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।