ইউনেসকো ও প্রেস ইনস্টিটিউটের আয়োজনেনিরাপদ নির্বাচন-সংবাদ পরিবেশনে সাংবাদিক ও শিক্ষাবিদকে নিয়ে তিন দিনের প্রশিক্ষণ

আজকের চুয়াডাঙ্গা ডেস্ক
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংবাদ পরিবেশন, নির্ভরযোগ্য তথ্য যাচাই এবং সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে তিন দিনের প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু করেছে ইউনেসকো ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। ঢাকায় পিআইবিতে আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ২০ জন সাংবাদিক ও শিক্ষাবিদ। এর আগে নির্বাচনবিষয়ক পিআইবির প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) থেকে প্রশিক্ষণ পাওয়া প্রশিক্ষকেরা দেশের ৬০ জেলায় ২ হাজার ৬০০-এর বেশি সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছেন। এবারের প্রশিক্ষণে স্থানীয় সরকার নির্বাচনের ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে সংবাদ পরিবেশনের বিষয়গুলো হালনাগাদ করা হবে। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে অন্য সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্যও প্রস্তুতি নেবেন।

প্রশিক্ষণে নির্বাচনী আইন ও সংবাদ-নির্দেশিকা, সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা, বিদ্বেষমূলক বক্তব্য, তথ্য যাচাই ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ প্রশিক্ষণে ব্যবহারযোগ্য সংক্ষিপ্ত পাঠ-পরিকল্পনা তৈরি ও উপস্থাপন করবেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, “স্থানীয় সরকার নির্বাচন জনগণের প্রতিনিধিত্ব এবং মানুষের কাছের সেবাগুলোর সঙ্গে সরাসরি যুক্ত। ইউএনডিপি-নেতৃত্বাধীন ব্যালট প্রকল্পের আওতায় ইউনেসকোর সহায়তায় পিআইবি মাঠপর্যায়ের সাংবাদিকদের হালনাগাদ জ্ঞান ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের দক্ষতা বাড়াচ্ছে। এর মাধ্যমে তাঁরা বিভ্রান্তিকর তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যকে প্রভাবিত করার অপচেষ্টা শনাক্ত করে যথাযথভাবে সাড়া দিতে পারবেন।”
ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি ও ঢাকা অফিসের প্রধান ড. সুসান ভাইজ বলেন, “স্থানীয় সরকার নির্বাচন মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত ও সেবার সঙ্গে যুক্ত। তাই এ বিষয়ে সঠিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন জরুরি। জাতীয় নির্বাচনের আগে পিআইবির প্রশিক্ষকেরা যে কাজ করেছেন, তার জন্য আমি তাঁদের প্রশংসা করি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রস্তুত করতে তাঁদের সাফল্য কামনা করি।”

প্রশিক্ষণে বাংলাদেশ নির্বাচন কমিশন, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়, ইউনেসকো এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজের বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে থাকবেন। ব্যালট প্রকল্পের আওতায় ইউনেসকো ও ইউএনডিপির প্রতিনিধিদের পাশাপাশি পিআইবির প্রশিক্ষণ বিভাগের প্রতিনিধিরাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।