কোটচাঁদপুরে তিন মাদকসেবীর কারাদণ্ড, প্রত্যেকের এক বছরের জেল

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে গ্রেপ্তারের পর সংক্ষিপ্ত বিচারে প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার কোটচাঁদপুর মডেল থানার পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৫ অক্টোবর কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কোটচাঁদপুর বাজারপাড়ার ইসরাইল হোসেন (৪০), সিনেমাহলপাড়ার সোহান (৩৩) ও বড়বামনদহ গ্রামের সাকিব হাসান (২৫)।

পরবর্তীতে গ্রেপ্তার ব্যক্তিদের ডোপ টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। পরে তাদের সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হয়। আদালত ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৬ ও ২১ অনুযায়ী গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, কোটচাঁদপুর থানা এলাকায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।