‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মিজ মাহমুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মাসুদ পারভেজ রাসেল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা মো. শারমিন আক্তার, চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা হাদী জিয়াউদ্দিন আহমেদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র এবং চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি মো. শরিফুজ্জামান সিজার ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি।

অনুষ্ঠানে যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। প্রশিক্ষিত যুবকদের বিভিন্ন প্রকল্পের আওতায় এসব ঋণ দেওয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গরু মোটাতাজাকরণ, মৎস্য চাষ, গবাদিপশু পালন ও পোশাক তৈরি। পাশাপাশি নিজ উদ্যোগে সফলতা অর্জনকারী আত্মকর্মী ও যুব সংগঠকদের কাজের স্বীকৃতি হিসেবে তাঁদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, যুবসমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। জাতীয় যুব দিবসের আয়োজনের মাধ্যমে যুবকদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান ও আত্মনির্ভরশীল হওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তাঁদের সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।