স্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক-২০২৭ নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে। গতকাল নির্বাচন পরিচালনা উপ-পরিষদের প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. আলহাজ¦ মো. সিরাজুল ইসলাম (১) এ তফশীল ঘোষণা করেন। ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর শনিবার সকাল ৮ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে খসড়া ভোটার সংখ্যা ২২০ জন আইনজীবী । এ নির্বাচনে তরুণ আইনজীবী ভোটাররা জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখতে পারেন।
ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ৮ নভেম্বর রোববার খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি দাখিল গ্রহন করা হবে। ৯ নভেম্বর সোমবার আপত্তির ওপর শুনানী অনুষ্ঠিত হবে। ১০ নভেম্বর মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১১ নভেম্বর বুধবার প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১২ নভেম্বর বৃহস্পতিবার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৫ নভেম্বর রোববার মনোনয়নপত্র যাচাই-বাচাই ও প্রকাশ করা হবে। ১৬ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৮ নভেম্বর শনিবার জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ৮ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহন শেষে হওয়ার পরপরই ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে। এবারের নির্বাচনে অ্যাড. এম এম মনোয়ার হোসেন ও অ্যাড. ওহিদুজ্জামান মুকুল নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন।
এদিকে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে এককভাবে দলীয় মনোনয়নপত্র জমা দিতে পারেন। সেকারণে গতকাল রোববার দুপুরে জেলা বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় কমিটির সভাপতি ফোরামের আহবায়ক অ্যাড. আ,স,ম. আব্দুর রউফ জানিয়েছেন, বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীী ঠিক হয়নি। আগামী ৩ নভেম্বর মঙ্গলবার দুপুর ২ টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় প্রার্থী বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।



