চুয়াডাঙ্গায় তিন দিনের ব্যবধানে আবারও আহত গন্ধগোকুল উদ্ধার

তিতুদহ প্রতিনিধি

চুয়াডাঙ্গায় তিন দিনের ব্যবধানে আবারও আহত অবস্থায় একটি বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ। রবিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রাম থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গন্ধগোকুলের একটি দল প্রায়ই লোকালয়ে এসে বাড়ির কবুতর ও মুরগির বাচ্চা ধরে নিয়ে যায়। রোববার খাবারের সন্ধানে প্রাণীটি লোকালয়ে এলে কয়েকজন শিশু ও বাড়ির নারীরা সেটিকে আঘাত করেন। পরে গ্রামের কয়েকজন যুবক আহত প্রাণীটিকে নিজেদের হেফাজতে নেন। খবর পেয়ে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

সংগঠনের সভাপতি ও বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলু জানান, উদ্ধার করা প্রাণীটি এশিয়ান পাম সিভেট স্থানীয়ভাবে এটি তাল খাটাশ, ভাম বা খাটাশ নামে পরিচিত। বর্তমানে প্রাণীটি ব্যাপক আবাসন ও খাদ্যসংকটে রয়েছে। মাঠে মাঠে সংরক্ষিত পদ্ধতিতে চাষাবাদের কারণে এদের স্বাভাবিক বিচরণ ও শিকারের জায়গা দিন দিন কমে যাচ্ছে। ফলে খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করতে বাধ্য হচ্ছে এবং মানুষের সঙ্গে সংঘাত বাড়ছে।

খবর পেয়ে সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন সম্পর্কে অবহিত করেন। ভেটেরিনারি সার্জন নাহিদ ইসলামের পরামর্শ অনুযায়ী সংগঠনের সদস্য ও পল্লী প্রাণী চিকিৎসক হাসানুজ্জামান রিগান আহত গন্ধগোকুলটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে প্রাণীটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। শেষ পর্যন্ত প্রাণীটি বেঁচে থাকবে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শেখ সাদি, বায়জিদ, নাঈম, বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর চুয়াডাঙ্গায় আরও একটি প্রাপ্তবয়স্ক পুরুষ গন্ধগোকুল আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর প্রাণিসম্পদ হাসপাতালে প্রাণীটির মৃত্যু হয়। মাত্র তিন দিনের ব্যবধানে আবারও একই প্রজাতির প্রাণী আহত অবস্থায় উদ্ধারের ঘটনায় স্থানীয় পরিবেশকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।