আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামে প্রবাসী আরাফাত ইসলামের সার্বিক উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ভাংবাড়ীয়ার ঐতিহ্যবাহী ফুটবল মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় দাসপাড়া ইয়াং স্টার ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাজু দ্যা টাইগার ক্লাব।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়েরা আক্রমণাত্মক ও গোছানো ফুটবল উপহার দেন। মাঠজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য, গতি ও ক্রীড়াশৈলী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। খেলা উপভোগ করতে স্থানীয় ক্রীড়া প্রেমীদের উপচে পড়া ভিড় দেখা যায়। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন।
প্রধান অতিথির বক্তব্যে সাজিবুল হক রাজন বলেন, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, ধৈর্য, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। একই সঙ্গে যুবসমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি জুয়েল রানা।
আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত



