আলমডাঙ্গা অফিস:
আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়াগামী লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির ও ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। আগামী ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি সফল করতে দলীয় জনশক্তির ব্যাপক প্রস্তুতি ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি জনগণের অধিকার আদায় এবং উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু ও আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন ও পৌর নায়েবে আমির মাওলানা জুলফিকার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত



