চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন মাসুদ পারভেজ রাসেল এমপি

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে এলাকার দুস্থ, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে বস্ত্র (শাড়ি) বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার হলরুমে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আসিফ জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব সুচারুভাবে উদযাপনে বদ্ধপরিকর। দুর্গাপূজার আনন্দ যেন সবার ঘরে ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। আলমডাঙ্গায় ১৮০ পিস ও চুয়াডাঙ্গা পৌর ও সদর উপজেলার জন্য ১২০ পিস শাড়ি পেয়েছি, যা বিতরণ করা হচ্ছে। ইতোপূর্বে ঈদের সময় শাড়ি পেয়েছিললাম, সে সময়ই সেগুলো বিতরণ করা হয়েছিল।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসিফ জামান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠান শেষে এলাকার শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পর্যায়ক্রমে শাড়ি বিতরণ করা হয়।

উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন উপস্থিত সুধীজন ও উপকারভোগীরা।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমির মাহবুব আশিক, সেক্রেটারি মোস্তফা কামাল, চুয়াডাঙ্গা জেলা পূজা উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক হেমন্ত কুমার সিংহ রায় সহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।