দামুড়হুদা অফিস
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ঐতিহ্যবাহী জয়রামপুর রেলস্টেশন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এ সময় তিনি নিজে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
অভিযানে জয়রামপুর রেলস্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। পাশাপাশি ঝোপঝাড়, ড্রেন ও জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল হিসেবে চিহ্নিত পরিত্যক্ত পাত্র, টায়ার ও প্লাস্টিকের কৌটা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়।
পরিচ্ছন্নতা অভিযান শেষে ইউএনও লাভলী ইয়াসমিন উপস্থিত সাধারণ মানুষ ও যাত্রীদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত জরুরি। আমরা যদি নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখি, তাহলে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।
এ সময় তিনি জয়রামপুর রেলস্টেশন ও বাজার এলাকার ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। ডেঙ্গুর ঝুঁকি কমাতে কোথাও পানি জমতে না দেওয়া এবং পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অভিযানে দামুড়হুদা উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ইউপি সদস্য রওশনারা রাণী, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ও গ্রাম পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রেলস্টেশন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে মশার উপদ্রব কমানোর পাশাপাশি যাত্রী ও সাধারণ মানুষের চলাচলের পরিবেশ আরও সুন্দর হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া প্রয়োজন।



