চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে সাড়ে তিন লাখ পরিবার

স্টাফ রিপোর্টার
ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ৩টায় সদর উপজেলা পরিষদের মিলনায়তনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক উজ জামান জেলার ৩ লাখ ৪৭ হাজার ৯৭৫টি খানার জন্য ৪৮০ জন তথ্য সংগ্রহকারী ও ৪৮ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। আজ সোমবার বিকাল থেকে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় তথ্য সংগ্রহকারীরা তথ্য সংগ্রহের কাজ শুরু করবেন। তথ্য সংগ্রহে কোনো পরিবার বাদ যাবে না বলে তিনি নিশ্চিত করেন ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলায় ৪১ টি ইউনিয়ন ও ৪ টি পৌরসভা রয়েছে। এর মধ্যে জেলার সদর উপজেলায় ৭১ হাজার ৩৮৫ পরিবার, আলমডাঙ্গা উপজেলায় ১ লাখ ৬ হাজার ৪০৪ পরিবার, দামুড়হুদায় ৮৭ হাজার ২৮৬ পরিবার ও জীবননগরে ৫৬ হাজার ১১ পরিবার এবং ইউসিডি চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় ২৬ হাজার ৮৮৯ পরিবারসহ মোট ৩ লাখ ৪৭ হাজার ৯৭৫ টি পরিবার। এই পরিবারগুলোয় তথ্য সংগ্রহ করবে নিয়মিত ৪৮০জন তথ্য সংগ্রহকারীও রিজার্ভ সংগ্রহকারী ৪৮ জন। যেখানে নিয়মিত সুপারভাইজার নিয়োজিত থাকবে ৪৮ জন ও রিজার্ভ সুপারভাইজার আছে ৪ জন। ইতিমধ্যে নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক উজ জামান বলেন, সরকারি কর্মসূচি সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি ও নাগরিকদের করণীয় সম্পর্কে সঠিক তথ্য প্রচার করলে সরকারের পরিসর বাড়ে।

তিনি আরও বলেন, কার্ড পাওয়ার নিশ্চয়তা, সুবিধার পরিমাণ কিংবা বিতরণের সময়সূচি সম্পর্কে নিশ্চিত সরকারি নির্দেশনা ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ, প্রতারণা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য সংগ্রহ কার্যক্রমে জনগণের সহযোগিতা নিশ্চিত করতে আপনাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রয়োজন।

সংবাদ সম্মেলনের শেষে তথ্য সংগ্রহকারীদের মাঝে আইডি কার্ড ও ট্যাব বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জাকির হোসেন, সহকারী পরিচালক আইনাল হক, সদর থানার পুলিশ পরিদর্শক হিমেল রানা, শহর সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভিন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাঈদ হাসান সহ জেলার গণমাধ্যমকর্মীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।