জীবননগর অফিস :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জীবননগর ইউনিটের বাস্তবায়নে এবং জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক গাজী মোমিন উদ্দীন।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন যুব প্রধান মোহাম্মদ রিয়াজ হাসান, উপ-যুব প্রধান-২ আকলিমা খাতুন, প্রশাসন, সংগঠন ও নিয়োগ বিভাগের ফাহিম আল ফাহাদ এবং স্বাস্থ্যসেবা বিভাগের তয়েবা খাতুন। সোমবার (১২ অক্টোবর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণবিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রমিথি রায়, মারিয়া খাতুন ও মায়িশা খাতুনকে পুরস্কৃত করা হয়। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক স্বাস্থ্যজ্ঞান ও প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়।
জীবননগরে শিক্ষার্থীদের মৌলিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনের প্রশিক্ষণ সমাপ্ত



