জীবননগর সীমান্তে ৪ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

জীবননগর প্রতিনিধি

=জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪ পিস স্বর্ণের বারসহ মো. সেলিম হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যান ও একটি ছোট মাইকও জব্দ করা হয়। ১১ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন গয়েশপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬৭-এমপি থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৪ নম্বর সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামে যাত্রীছাউনির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক সেলিম হোসেনের বাড়ি জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের সদরপাড়ায়। তার ভ্যানের সামনে লাগানো সাদা রঙের একটি ছোট মাইকের ব্যাটারি রাখার স্থান থেকে চার পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৫৪৭ দশমিক ৫১ গ্রাম। যার সিজার মূল্য ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা।

আটক স্বর্ণ, ব্যাটারিচালিত ভ্যান ও ছোট মাইকসহ জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ১ লাখ ৯৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

পরে আটক ব্যক্তিকে জব্দ করা মালামালসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।