চুয়াডাঙ্গায় পিয়াজ সংরক্ষণের জন্য ২০ জন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় পিয়াজ সংরক্ষণের জন্য কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ৩ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে ২০ জন কৃষকের হাতে এ মেশিন তুলে দেয়া হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার স্বাগত বক্তব্যে বলেন, প্রকৃত পিয়াজ চাষীদের সুবিধার কথা বিবেচনা করে সরকার এয়ার ফ্লো মেশিন দিচ্ছে। প্রতিটি মেশিনের দাম ২১ হাজার টাকা ও ঘর নির্মাণের জন্য দেয়া হবে ৭ হাজার টাকা। একটি মেশিনের আওতায় ২০/২৫ মেট্রিক টন পেয়াজ সংরক্ষণ করা যাবে। তিনি আরো বলেন, পেয়াজ সংরক্ষণ করতে হলে অবশ্যই পেয়াজ ভালো মত শুকিয়ে রাখতে হবে।
এ সময় প্রধান অতিথি শরিফুজ্জামান শরীফ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের কথা চিন্তা করে প্রান্তিক পর্যায়ের চাষীদের মাঝে এ সকল কৃষি উপকরণ বিতরণ করছেন। আজকে যে ২০ জন এই এয়ার ফ্লো মেশিন পেয়েছেন আপনাদের মনে রাখতে হবে এটি নিয়ে গিয়ে সঠিক ব্যবহার করতে হবে। এই এয়ার ফ্লো মেশিন ব্যবহারের যে নির্দেশিকা রয়েছে তা যথাযথভাবে মেনে চলতে হবে। তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা ৩৫০ টাকা কেজি দরে পেঁয়াজ খেয়েছি। সেই কথা মাথায় রেখে পেঁয়াজের সঠিক সংরক্ষণের লক্ষ্যে এই মেশিন দেওয়া হচ্ছে। এর যথাযথ ব্যবহার করলে পেঁয়াজ অনেকদিন সংরক্ষণ করা যায়। এতে করে আশা করি আমাদের পেঁয়াজ চাষীগণ লাভবান হবে।
এ সময় ২০ জন কৃষককে একটি করে এয়ার ফ্লো মেশিন বুঝিয়ে দেওয়া হয়। চাষিরা এয়ার ফ্লো মেশিন পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এই মেশিন তাদের পেঁয়াজ সংরক্ষণে যথাযথ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।