হরিণাকুণ্ডু প্রতিনিধি
‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উৎপাদন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল গতকাল শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিণাকুণ্ডু উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইদ্রিস আলী মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক ও হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সামাদ এবং যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপন।
বক্তারা বলেন, শিল্প, কৃষি ও সেবাসহ দেশের বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। উৎপাদনশীলতা বৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
হরিণাকুণ্ডুতে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত



