আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দাওয়াতী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে ২ নম্বর ওয়ার্ডের হাটুভাঙ্গা মোড়ে এ দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাংবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির ইমরান হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা আইন আদালত সম্পাদক মো. দারুসসালাম, জেলা কর্মপরিষদ সদস্য মো. কাইয়ুম উদ্দিন হিরোক এবং জিএ সাংগঠনিক থানার আমির মো. আব্বাস উদ্দিন।
জিএ সাংগঠনিক থানার সেক্রেটারি মো. কামরুল হাসান সোহেলের পরিচালনায় সভায় বক্তব্য দেন জামায়াত নেতা মো. সেলিম রেজা, মো. মাসুদ করিম, মাওলানা মনিরউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি দলীয় নেতাকর্মীদের মানুষের পাশে থেকে তাদের সমস্যা ও প্রয়োজনের কথা শোনার আহ্বান জানান।
বিশেষ অতিথিরা বলেন, “সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। সমাজের প্রতিটি স্তরে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।”
সভায় স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।



