পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সামারি ট্রায়ালে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেগনগর গ্রামের মাছিদুলের ছেলে রাহে হাসান চঞ্চল (৩২), শংকরচন্দ্র গ্রামের মৃত ছেদ আলীর ছেলে লিয়ন (২৩) এবং একই গ্রামের সুজার আলীর ছেলে রিয়াজ (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাত আনুমানিক ৯টার দিকে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের একটি দল ডিঙ্গেদহ-মানিকদিহি গ্রামের একটি পানের বরজে অভিযান চালায়। এ সময় সেখান থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নওশাদ মাহফুজ। এ সময় তার সঙ্গে ছিলেন এএসআই সদরুল আলম, এএসআই ওহিদুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা। গ্রেপ্তারের পর তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়। সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার



